ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

পীরগঞ্জে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে আয়োজিত এ সভায় সড়ক নিরাপত্তা, যানজট নিরসন এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতাউর রহমান।

সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কৌশিক ফয়সাল রুপম, বড়দরগা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সেরাজুল ইসলাম মন্ডল, শ্রমিক নেতা মফা মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মোটর ও ট্রাকশাখার সাধারণ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করবে। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন মালিক, শ্রমিক, চালক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ফিটনেসবিহীন যানবাহনের কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। এ কারণে চালকদের ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ওসি মিজানুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছে। মহাসড়কে চাঁদাবাজি, যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জনগণের সহযোগিতা পেলে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় বক্তারা মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, সঠিক লেন ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমাতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

পীরগঞ্জ,ওপেন হাউস ডে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত