ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদযাত্রা নিরাপদ রাখতে সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশের কড়া নজরদারি

ঈদযাত্রা নিরাপদ রাখতে সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশের কড়া নজরদারি

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তরবঙ্গের মহাসড়কে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। এজন্য ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে চলাচলকারী মূল্যবান পণ্যবাহী যানবাহনগুলোকে বিশেষ নিরাপত্তা দিচ্ছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। রোববার বিকেল থেকে এ কার্যক্রম চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গে চলাচলকারী পণ্যবাহী যানবাহন যমুনা সেতু অতিক্রম করার পর পুলিশের বিশেষ এসকর্টের মাধ্যমে সিরাজগঞ্জের সীমান্ত এলাকা পার করে দেওয়া হচ্ছে। একইভাবে জেলা সীমান্ত থেকে একই নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে যমুনা সেতু পার করে দেওয়া হচ্ছে।

এজন্য যানবাহনের চালকদের যেকোনো প্রয়োজনে যমুনা সেতু পশ্চিম থানা ও পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। সেইসঙ্গে ৯৯৯-এও জানানো যাবে।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর বিশেষ দিকনির্দেশনায় ঈদ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ ঈদের সামনে দুর্বৃত্তরা মহাসড়কের বিভিন্ন স্থানে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এ কারণে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের এসকর্ট পদ্ধতি চালু করা হয়েছে। এতে যানবাহন ও যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, রোববার বিকেল থেকে মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী যানবাহনের পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী বাসেরও নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশে প্রায় রাতদিন মহাসড়কে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে মহাসড়কের এ নিরাপত্তা মনিটরিং করা হচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে মহাসড়কের নিরাপত্তা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে মহাসড়কে চলাচলকারী যানবাহনের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ নির্দেশে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের কড়া নজরদারি,সিরাজগঞ্জ মহাসড়ক,ঈদযাত্রা নিরাপদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত