ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে কাল

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে কাল

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতৈক্য হয়নি। উভয়পক্ষ একে অপরের দেওয়া প্রস্তাবে একমত হতে না পারায় নতুন করে সংশোধিত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মজুরি বোর্ড সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মালিক ও শ্রমিক পক্ষের প্রাথমিক প্রস্তাব নিয়ে আলোচনা চলে। দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় আলোচনায় সমঝোতা হয়নি। বাকি আলোচনা এগিয়ে নিতে আগামীকাল দুপুর ২টায় আবার বৈঠক বসবে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব ও তৃতীয় সভার বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরির হার নির্ধারণে সুপারিশ তৈরির অংশ হিসেবে সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মালিকপক্ষের প্রতিনিধি শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেন। এরপর প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। তবে দুই পক্ষের অবস্থান ভিন্ন হওয়ায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভাটি সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করেন। সভায় আজ প্রথমবারের মতো মালিক ও শ্রমিক পক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের এই মতপার্থক্যের কারণে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও কিছুটা সময় নিতে পারে। দুই পক্ষের সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার পর সেগুলো পর্যালোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির কাজ এগিয়ে নেবে বোর্ড।

আবা/এসআর/২৬

পোশাকশ্রমিক,মজুরি নির্ধারণ,সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত