
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কাবারিপাড়া শাহী জামে মসজিদের কমিটি গঠন ও ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই মহল্লার মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই মসজিদের কমিটি গঠন ও ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে কাবারিপাড়া উত্তরপাড়া ও কাবারিপাড়া দক্ষিণপাড়া মহল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঈদের পরদিন শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে দুই মহল্লার মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এতে উভয় মহল্লার কমপক্ষে ২২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।