ঢাকা সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শাকিল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

সিরাজগঞ্জে শাকিল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

ঈদের দিন সন্ধ্যায় সিরাজগঞ্জে চাঞ্চল্যকর কলেজছাত্র শাকিল (২৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যা মামলার প্রধান আসামি রাকিবকে (২৫) গ্রেফতার করা হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার গুপিরপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে বিরোধের জেরে শাকিলকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েকদিন আগে আসামি রাকিব ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে একই এলাকার বলিদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কলেজছাত্র শাকিল ও তার বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এছাড়া, এ হত্যাকাণ্ডের কয়েকদিন আগে একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করেও শাকিলের সঙ্গে রাকিব ও তার বন্ধুদের বাকবিতণ্ডা হয়েছিল।

ঈদের দিন (বৃহস্পতিবার) সন্ধ্যায় শাকিল তার কয়েকজন বন্ধুকে নিয়ে ছোনগাছা বাজার থেকে ভ্যানযোগে পিপুলবাড়িয়া বাজারে ঘুরতে যাচ্ছিল। এ সময় একই এলাকার চামেলী মোড় নামক স্থানে তাদের ভ্যানগাড়ির গতিরোধ করে শাকিলকে মারধর এবং গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এ নির্মম হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর বিশেষ নির্দেশে ঘটনায় জড়িতদের গ্রেফতারে সদর থানা ও গোয়েন্দা শাখার একাধিক টিম মাঠে নামে এবং বিশেষ তদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার বিকেলে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ ঘটনায় নিহতের ভাই রহমত উল্লাহ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ওসি রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার থেকে গ্রেফতার,প্রধান আসামি,শাকিল হত্যা মামলা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত