ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশ প্রত্যাশার পথে নেই: সিলেটে ডা. শফিকুর রহমান

দেশ প্রত্যাশার পথে নেই: সিলেটে ডা. শফিকুর রহমান

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বহু মানুষের রক্তের বিনিময়ে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল, দেশ বর্তমানে সেই প্রত্যাশার বিপরীত পথে এগোচ্ছে। তবে পরিস্থিতি যতই কঠিন হোক, সেই প্রবাহের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

এর আগে তিনি সিলেটে নিহত শিশু ফাহিমা আক্তারের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগামী ৫ তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এ বিষয়ে তার বিস্তারিত মূল্যায়ন সংসদে তুলে ধরবেন। তবে সংক্ষেপে তিনি বলেন, “দেশ ভালো নেই।”

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গত মাসে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। চলতি মাসেও প্রতি লিটারে ৫ টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে। সংসদে আলোচনা ছাড়াই এভাবে দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, জ্বালানি বিষয়ে গঠিত কমিটিতেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। জ্বালানির দাম বাড়ার প্রভাব সব ধরনের পণ্যের ওপর পড়বে এবং সাধারণ মানুষই এর প্রধান ভুক্তভোগী হবে।

হামে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তিনি বলেন, এর দায় সবার। শুধু অন্তর্বর্তী সরকারকে দায়ী করলেই হবে না, তবে জনগণ জানতে চায় সরকার আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিল না কেন। হামের প্রাদুর্ভাব আগে থেকেই ছিল, তাহলে টিকার ব্যবস্থা সময়মতো করা হলো না কেন—এ প্রশ্নও তোলেন তিনি। এ বিষয়ে সংসদে কথা বলবেন বলেও জানান।

শিশু ফাহিমা হত্যার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এক লম্পটের হাতে একটি নিষ্পাপ শিশুর জীবন ও সম্মান ধ্বংস হয়েছে। তিনি অভিযোগ করেন, ফাহিমাকে মায়ের চোখের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধীর কঠোর শাস্তি হওয়া প্রয়োজন, অন্যথায় সমাজে এমন অপরাধ বাড়তে পারে।

তিনি বলেন, “আমরা জাতি হিসেবে লজ্জিত। আমরা আমাদের শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছি না, অথচ বড় বড় কথা বলি।”

ডা. শফিকুর রহমানের দাবি, অভিযুক্ত জাকির একা এ ঘটনা ঘটায়নি; তার স্বজনদেরও এতে সম্পৃক্ততা রয়েছে। তাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। একপর্যায়ে শিশু ফাহিমার বাবাকে পাশে নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ফাহিমার ছবি দেখলে চোখের পানি ধরে রাখা কঠিন।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ঢাকায় রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে শেষ করার ঘোষণা দেওয়া হয়েছে। একইভাবে ফাহিমা হত্যা মামলার বিচারও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান,সিলেট,দেশ প্রত্যাশার পথে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত