
নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী মুজিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক একই গ্রামের কফদ্দি মাহমুদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে কফদ্দি মাহমুদের সঙ্গে তার আপন ভাই তফদ্দি মাহমুদের বিরোধ চলছিল।
ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় কফদ্দি মাহমুদের বাড়ির সামনে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তফদ্দি মাহমুদের ছেলে মাজেদুল ইসলাম, তহিদুল ইসলাম ও মহিদুল ইসলাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কিবরিয়া ইসলাম পিয়েলের ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়া ইসলাম পিয়েলকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, তফদ্দি মাহমুদের ছেলে মাজেদুল ইসলাম (২০), তার স্ত্রী মীম আক্তার (১৮) এবং তফদ্দি মাহমুদের স্ত্রী তইবোন নেছা (৫০)।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, ‘এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’