ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

নারীদের নেতৃত্ব ও দক্ষতায় আস্থা রাখার আহ্বান রংপুর পুলিশ কমিশনারের

নারীদের নেতৃত্ব ও দক্ষতায় আস্থা রাখার আহ্বান রংপুর পুলিশ কমিশনারের

নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

একই সঙ্গে নারী সহকর্মীদের প্রতি সম্মান, সহনশীলতা ও ইতিবাচক মনোভাব বজায় রাখার জন্য পুরুষ সদস্যদের প্রতিও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা ২০২৪-২৭ বাস্তবায়ন বিষয়ক পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, একজন নারী পুলিশ সদস্য হিসেবে নিজেকে কখনোই পিছিয়ে ভাবার সুযোগ নেই। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় নারী কর্মকর্তারা পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব সফলভাবে পালন করছেন। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের দায়িত্বেও নারীরা দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। তাই নিজেদের সক্ষমতার ওপর আস্থা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, চাকরির ক্ষেত্রে পোস্টিং বা বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে যেকোনো কর্মস্থলে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। একজন পুলিশ সদস্যের প্রকৃত পরিচয় তার কর্মদক্ষতা ও নিষ্ঠার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়।

পেশাগত দায়িত্ব পালনের সময় নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয় উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত বা পারিবারিক কোনো দুঃসংবাদ এলেও একজন পুলিশ সদস্যকে ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। আবেগ নিয়ন্ত্রণের সক্ষমতা একজন দক্ষ সদস্যের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ।

তিনি সততা, পেশাদারিত্ব ও যোগ্যতার মূল্যায়নের পাশাপাশি নারী ও পুরুষ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতামূলক কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, শারীরিক সক্ষমতায় কিছু পার্থক্য থাকলেও জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা ও নেতৃত্বের ক্ষেত্রে নারীরা সমানভাবে যোগ্য। একটি আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গঠনে নারী-পুরুষের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।

নারী পুলিশ সদস্যদের কল্যাণে নারী পুলিশবান্ধব বাজেট, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পুলিশ কমিশনার। তিনি বলেন, পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ একজন সদস্যকে আরও দক্ষ, আত্মবিশ্বাসী এবং দায়িত্ব পালনে সক্ষম করে তোলে। তাই প্রশিক্ষণের সুযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে।

বক্তব্যের একপর্যায়ে পুরুষ সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নারী পুলিশ সদস্যরা আমাদের সহকর্মী এবং আমাদের মা-বোনের প্রতিচ্ছবি। তাদের প্রতি সম্মান, সহনশীলতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের সেবা এবং বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে কাজ করতে হবে।

কর্মশালায় রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নারী পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর পুলিশ কমিশনার,নেতৃত্ব ও দক্ষতা,নারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত