ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পটিয়া প্রেসক্লাব ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ সভাপতির বিরুদ্ধে

পটিয়া প্রেসক্লাব ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ সভাপতির বিরুদ্ধে

পটিয়া প্রেসক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সংগঠনের নগদ অর্থ ও কার্যবিবরণী বহি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রেসক্লাবের সভাপতি নুর হোসেনের বিরুদ্ধে। একই ঘটনায় সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (১০ জুন) পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন।

অভিযোগে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে একটি কর্মসূচির প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে সংগঠনের ৫ হাজার ২০০ টাকা, আয়-ব্যয়ের হিসাব এবং কার্যবিবরণী বহি প্রেসক্লাব কার্যালয়ে সংরক্ষিত ছিল।

লিখিত অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সভাপতি নুর হোসেনসহ কয়েকজন প্রেসক্লাবের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। খবর পেয়ে সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা সেখানে গেলে অভিযুক্তদের কার্যবিবরণী বহি ও নগদ অর্থ নিয়ে বের হয়ে যেতে দেখা যায়।

রবিউল হোসেন অভিযোগ করেন, তিনি নথিপত্র ও অর্থ ফেরত চাইলেও তা দেওয়া হয়নি। এ সময় প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা বাধা দিলে নুর হোসেনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে।

অভিযোগে বলা হয়েছে, তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, মারধর করে এবং হত্যার ভয়ভীতি প্রদর্শন করে। হামলার কারণে প্রেসক্লাবের নির্ধারিত কর্মসূচি পণ্ড হয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর একাধিকবার যোগাযোগ করে সংগঠনের অর্থ ও কার্যবিবরণী বহি ফেরত চাওয়া হলেও অভিযুক্তরা বিভিন্ন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। পরে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভাপতির বিরুদ্ধে,টাকা নিয়ে যাওয়ার অভিযোগ,প্রেসক্লাব ভেঙে,পটিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত