
সিরাজগঞ্জের সলঙ্গা থানার মালতিনগর গ্রামে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় রাসেল (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই এলাকার সাতটিকরী গ্রামের মছের আলীর ছেলে।
সলঙ্গা থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে রাসেল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই গ্রামের জিন্নাহর বাড়িতে যান এবং তাকে মামলা থেকে বাঁচানোর জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ সময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।