
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের উত্তর কাউন্নারা এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদ থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আবদুল হালিম (৩৮), মো. ইসমাইল হোসেন (৪০), মো. বাচ্চু মিয়া (৪৯), মো. জুয়েল হোসেন (৩৬), মো. শাহীন মিয়া (৪২) ও পলাশ মিয়া (৪৯)। তারা সবাই সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) এসএম সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান ও কিলো-৩ ডিউটিতে নিয়োজিত ছিল। বিকেল ৪টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর কাউন্নারা এলাকার মো. হালিম চৌধুরীর একটি পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে।
খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস, একটি প্লাস্টিকের চট ও নগদ ৩ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা হয়েছে। মামলাটি ১৯/২০২৬ নম্বরে নথিভুক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।