ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকার যুবকদের চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন বেসরকারি চাকরিদাতা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন।

পিকেএসএফ-এর অর্থায়নে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), মডার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিও) এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে এ জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থানের ক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে নিজেদের যোগ্য করে তুলতে হবে। সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে কর্মসংস্থান বৃদ্ধির যে প্রচেষ্টা চলছে, তা বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. ফারুক হোসাইন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম, মানব মুক্তি সংস্থার (এমএমএস) নির্বাহী পরিচালক মো. হাবিব উল্লাহ বাহার, মডার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিও) নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী এবং এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ প্রমুখ।

জব ফেয়ার,চাকরির লক্ষ্য,বেকার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত