ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে সাড়ে ৩ লাখের বেশি শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রংপুরে সাড়ে ৩ লাখের বেশি শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রংপুরের আট উপজেলা ও তিন পৌরসভা এলাকায় সাড়ে ৩ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সুপারভাইজার, স্বেচ্ছাসেবী ও টিকাদান কেন্দ্র নির্ধারণসহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে রংপুর সিভিল সার্জন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী ২৮ জুন রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে রংপুর সিটি করপোরেশন এলাকা ব্যতীত জেলার আট উপজেলা ও তিন পৌরসভা এলাকায় ৩ লাখ ৫৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কার্যক্রমে আট উপজেলায় ১ হাজার ৮৩২টি কেন্দ্রে ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবক, ৪৫৬ জন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির তদারককারী ২২৮ জন দায়িত্ব পালন করবেন।

শাহীন সুলতানা বলেন, ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের জন্য অতিরিক্ত ভ্রাম্যমাণ টিম কাজ করবে। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়ে থাকে, তবে সেই শিশুকে পুনরায় খাওয়ানোর প্রয়োজন নেই।

এ বছর জেলায় ১ হাজার ৭১৫ জন প্রতিবন্ধী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে উল্লেখ করে তিনি বলেন, ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। সর্বোপরি এটি শিশু মৃত্যুহার কমাতে সহায়তা করে।

ডা. শাহীন সুলতানা বলেন, ক্যাম্পেইনের দিন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি মায়েদের শিশুর জন্মের পর শালদুধ খাওয়ানো, শিশুর ৬ মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর ও সুষম বাড়তি খাবার খাওয়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

এ সময় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা ছাড়াও জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিহাব উদ্দিন শেখসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকাকেন্দ্রসহ হাট-বাজার, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলওয়ে স্টেশনের অস্থায়ী এবং ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। এতে সিটি করপোরেশন এলাকা ব্যতীত জেলার ৬-১১ মাস বয়সী ৩৯ হাজার ৪২২ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৮ হাজার ৭৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল,শিশু,সাড়ে ৩ লাখ,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত