ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটিতে চাচিকে হত্যা করে টাকা লুট, ভাতিজাসহ গ্রেফতার ২

রাঙামাটিতে চাচিকে হত্যা করে টাকা লুট, ভাতিজাসহ গ্রেফতার ২

রাঙামাটিতে গৃহবধূ হত্যা ও দস্যুতার ঘটনায় দুই আসামি গ্রেফতার এবং লুণ্ঠিত অর্থ উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আব্দুর রকিব।

রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বরুনাছড়ি, ইসলামপুর এলাকায় গৃহবধূ আয়শা বেগম (৪৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের আপন ভাতিজা ও প্রতিবেশীসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো নিহতের আপন ভাতিজা মো. সোহাগ (১৭), পিতা- ফজর আলী এবং প্রতিবেশী ওমর আলী (১৯), পিতা- মোজাম্মেল। উভয়ের ঠিকানা ৯ নম্বর ওয়ার্ড, বরুনাছড়ি (ইসলামপুর), থানা- বরকল, জেলা- রাঙামাটি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে রাঙামাটি জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ আব্দুর রকিব এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ২১ জুন সংঘটিত এ হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে হত্যার পর লুট করা ১ লাখ ৯৯ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত একটি ইট, একটি হাতুড়িসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ঘরে নগদ অর্থ থাকার বিষয়টি আগে থেকেই জানত নিহতের ভাতিজা সোহাগ। সেই টাকার লোভে সহযোগী প্রতিবেশী মো. ওমর আলীকে নিয়ে পরিকল্পিতভাবে আয়শা বেগমকে হত্যা করে তারা। হত্যার পর ঘরের আলমারি ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মো. ইকবাল হোসেন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার, রফিকুল ইসলাম, বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি), মিডিয়া ইনচার্জ এইচ এম মাহমুদ, মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরকল উপজেলার শুভলং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় নিজ বাড়িতে একা থাকা অবস্থায় আয়শা বেগমকে হত্যা করা হয়। ঘটনার সময় তার স্বামী রফিকুল ইসলাম ও সন্তানরা পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আয়শা বেগমকে নির্মমভাবে হত্যা করে এবং ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেফতার ২,ভাতিজাসহ,টাকা লুট,চাচিকে হত্যা,রাঙামাটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত