ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে ভিটামিন-এ ক্যাম্পেইনে দায়িত্বে অবহেলার অভিযোগ, তদন্তের দাবি

দুর্গাপুরে ভিটামিন-এ ক্যাম্পেইনে দায়িত্বে অবহেলার অভিযোগ, তদন্তের দাবি

সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হলেও নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কানাইল গ্রামের শহিদুলের বাড়িতে স্থাপিত ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী হযরত আলীর বিলম্বিত উপস্থিতির অভিযোগ উঠেছে। এতে সকাল থেকেই ক্যাপসুল গ্রহণের জন্য আসা শিশু ও তাদের অভিভাবকদের প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ওই কেন্দ্রে গিয়ে সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করলে এমন চিত্রই দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও অস্থায়ী কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী হযরত আলী নির্ধারিত সময়ে উপস্থিত হননি। তার বিলম্বিত উপস্থিতির কারণে নির্ধারিত সময় অনুযায়ী ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ওই সময় কেন্দ্রে সহকর্মী পরিবার পরিকল্পনা সহকারী সাবেকুন্নাহার উপস্থিত ছিলেন। ফলে অনেক শিশু ও তাদের অভিভাবককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

অভিভাবকদের অভিযোগ, জাতীয় গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সময়মতো উপস্থিত না হওয়ায় শিশুদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমন কর্মসূচিতে দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যথাসময়ে উপস্থিত না হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সময়মতো গাঁওকান্দিয়া ইউনিয়নের কানাইল টিকাদান কেন্দ্রে পৌঁছাতে না পারার বিষয়ে স্বাস্থ্য সহকারী হযরত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কেন্দ্রের কাছেই ছিলাম। নানা লোকজনের সঙ্গে কথা বলছিলাম। তাই কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়েছে।’

তিনি আরও জানান, যথাযথভাবে ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং কোনো শিশুই সেবা থেকে বঞ্চিত হয়নি।

এ বিষয়ে ওই কেন্দ্রের পরিবার পরিকল্পনা সহকারী সাবেকুন্নাহার বলেন, ‘আমি যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়েছি। কিন্তু তাঁকে ছাড়া আমি ক্যাম্পেইন কার্যক্রম শুরু করতে পারিনি। তাই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো দেরিতে শুরু হয়েছে।’

স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারী হযরত আলীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ আগেও বিভিন্ন সময়ে উঠেছে। তিনি কৌশলে বারবার পার পেয়ে যান। তাঁর বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক জানান, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এটি নিয়ে দায়িত্বে অবহেলা কোনোভাবেই কাম্য নয়। কানাইল কেন্দ্রে স্বাস্থ্য সহকারী হযরত আলীর সময়মতো উপস্থিত না হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। খুব দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, যা শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তদন্তের দাবি,অবহেলার অভিযোগ,দায়িত্বে অবহেলা,ভিটামিন-এ ক্যাম্পেইন,দুর্গাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত