
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১,০৫০ পুরিয়া হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডলপাড়ার তুহিন মোল্লার স্ত্রী মোছা. বন্যা বেগম (২৮) এবং উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী পিংকি আক্তার (৩০)।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১,০৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত দুই নারী দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তপন সরকার, র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, মাদক নির্মূলে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।