ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চৌমুহনীতে দোকান উচ্ছেদ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চৌমুহনীতে দোকান উচ্ছেদ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর চৌমুহনী করিমপুর রোডস্থ ২৩৮ নম্বর খতিয়ানের আওতাধীন দোকান উচ্ছেদ আদেশ প্রত্যাহার এবং পূর্বের মালিকদের নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা।

শনিবার দুপুরে মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও দোকান মালিকরা অভিযোগ করেন, তারা ১৯৪২ সালে জেলা হেড কোয়ার্টারের জন্য একোয়ারকৃত জমিতে দীর্ঘদিন ধরে বৈধভাবে দখলদার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে।

সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ উচ্ছেদের নোটিশ দেওয়ায় তাদের জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হলে শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকেই বেকার হয়ে পড়বেন।

বক্তারা বলেন, পূর্বে যেসব ব্যক্তি ও পরিবার এই জায়গার দখল ও ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের নামে স্থায়ী বন্দোবস্ত প্রদান করে বিষয়টির স্থায়ী সমাধান করতে হবে। একই সঙ্গে জারি করা উচ্ছেদ আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, তাদের দাবি যৌক্তিক এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, দোকান মালিক, ভুক্তভোগী পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করে উচ্ছেদ আদেশ প্রত্যাহার এবং পূর্বের মালিকদের নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানান।

মানববন্ধন,প্রত্যাহারের দাবি,দোকান উচ্ছেদ আদেশ,চৌমুহনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত