ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ড. শামসুন্নাহার বিউটি

বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ড. শামসুন্নাহার বিউটি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ মোট ৩৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জারি করা এ আদেশ ৫ জুলাই ২০২৬ থেকে অবিলম্বে কার্যকর হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ফরিদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. শামসুন্নাহার বিউটি।

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের সন্তান শামসুন্নাহার বিউটি দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, নেতৃত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখে বাংলাদেশ পুলিশের অন্যতম আলোচিত নারী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

বাংলাদেশ পুলিশ বাহিনীর ইতিহাসে পুলিশ প্যারেডে নেতৃত্বদানকারী প্রথম নারী কর্মকর্তা হিসেবে তিনি একটি অনন্য মাইলফলক স্থাপন করেন। নারী নেতৃত্বের ক্ষেত্রে তার এই অর্জন পুলিশ বাহিনীতে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে তিনি সাতবার জাতিসংঘ শান্তি পদক অর্জন করেন, যা বাংলাদেশি নারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে বিরল সাফল্য হিসেবে বিবেচিত।

দেশে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) লাভ করেন। একই বছরে সাহসিকতা ও পেশাগত দক্ষতার জন্য নারী পুলিশ পদকেও ভূষিত হন। এছাড়া কর্মনিষ্ঠা ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার আইজি ব্যাজ অর্জন করেন।

শামসুন্নাহার বিউটি চাঁদপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। মাঠ প্রশাসন থেকে শুরু করে নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে তার পেশাদারিত্ব, সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং মানবিক দৃষ্টিভঙ্গি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার কাজের স্বীকৃতি মিলেছে। নিউজিল্যান্ডভিত্তিক ‘দ্য ওয়েলিংটন ম্যাগাজিন’-এর এক প্রতিবেদনে তাকে বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য ও রুচিশীল পুলিশ কর্মকর্তাদের একজন হিসেবে উল্লেখ করা হয়।

এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জনস্বার্থে ৩৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ তালিকায় ১৪ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার রয়েছেন। তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি শামসুন্নাহার বিউটির নামও রয়েছে।

ফরিদপুরের চরমাধবদিয়ার এই কৃতী সন্তান কর্মজীবনে নারী নেতৃত্ব, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, পেশাগত দক্ষতা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ পুলিশের ইতিহাসে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

বাধ্যতামূলক অবসরে গেলেও তার দীর্ঘ কর্মজীবনের অর্জন, নেতৃত্ব ও অবদান ফরিদপুরবাসীর পাশাপাশি দেশের পুলিশ প্রশাসনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ড. শামসুন্নাহার বিউটি,অতিরিক্ত ডিআইজি,বাধ্যতামূলক অবসর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত