ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

যশোর সীমান্তে বিজিবির অভিযান: রৌপ্য, মদ ও সিরাপসহ আটক ৪

যশোর সীমান্তে বিজিবির অভিযান: রৌপ্য, মদ ও সিরাপসহ আটক ৪

যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশি মদ ও ১ হাজার ২৬২ বোতল নেশাজাতীয় সিরাপসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক আসামিরা হলেন— শার্শা থানার বাউন্ডারী গ্রামের হোসেন মুন্সীর ছেলে আবু বকর (৩৬), গোপীনাথপুর বটতলা গ্রামের সানাউল্লাহর ছেলে মিনাজ (২৩), গোপীনাথপুরের কামালের ছেলে বশির (১৮) এবং সাতক্ষীরা জেলার আলাইপুর উত্তরপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)।

রোববার (১৯ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীমতলা এলাকা থেকে একজন আসামিসহ ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, একটি মোবাইল ফোন এবং নগদ ১৮ হাজার ৩৩০ টাকা আটক করে।

আটক ব্যক্তির ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ওই রৌপ্য পাওয়া যায়।

এছাড়াও বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপীনাথপুর গ্রাম ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে দুটি পৃথক যৌথ অভিযান পরিচালনা করে তিনজন আসামিসহ ভারতীয় ৭৭৪ বোতল ESKUF সিরাপ এবং ২৬৯ বোতল WINCREX সিরাপ আটক করা হয়।

অপরদিকে, মাসিলা ও পাঁচপীরতলা বিওপি থেকে আরও দুটি অভিযান পরিচালনা করে ২৫ বোতল বিদেশি মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।

আটককৃত রৌপ্য, বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপের সর্বমোট সিজার মূল্য ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব পাচারকারীকে আটকের লক্ষ্যে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে রৌপ্য ও মাদকসহ পাচারকারীদের আটক করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদকদ্রব্যসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় এবং রৌপ্যসহ আটক আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া জব্দকৃত রৌপ্য যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

আটক ৪,মদ ও সিরাপসহ,রৌপ্য,বিজিবির অভিযান,যশোর সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত