
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুবিধাভোগীদের মাঝে এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামছুজ্জামানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের সহায়তায় উপজেলার ৩০ জন গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার, উপজেলা শাখার আমির আনোয়ার হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি ফেরদৌস হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুমসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “এই টাকা আমার নয়। এটি সরকারের টাকা। আমি আপনাদের কাছে একজন খাদেম হিসেবে তা পৌঁছে দিচ্ছি মাত্র।”
তিনি আরও বলেন, “সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছায়, সে জন্য নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমি আশা করি।”