ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সেবাই পরিচয়, জনআস্থাই শক্তি: রংপুরে পুলিশ কমিশনার

সেবাই পরিচয়, জনআস্থাই শক্তি: রংপুরে পুলিশ কমিশনার

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, জনগণের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জনের সর্বোত্তম উপায় হলো মানবিক আচরণ, পেশাদারিত্ব এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ। “সেবাই আমাদের পরিচয়, জনআস্থাই আমাদের শক্তি।”

বুধবার দুপুরে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) হলরুমে অনুষ্ঠিত “পুলিশের আচরণ ও সামাজিক দায়বদ্ধতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হলো জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা। পেশাগত দক্ষতার পাশাপাশি শিষ্টাচার, মানবিকতা, সততা, জবাবদিহিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ একজন পুলিশ সদস্যের প্রকৃত পরিচয় বহন করে। আমরা এমন একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নাগরিক সম্মান, সহমর্মিতা ও ন্যায়বিচার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করতে পারবেন।”

তিনি আরও বলেন, “ভিকটিমের প্রতি সহানুভূতিশীল আচরণ, অপরাধীর প্রতিও আইনসম্মত ও মানবিক ব্যবহার এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আধুনিক পুলিশিংয়ের অন্যতম ভিত্তি। কমিউনিটি পুলিশিং, সামাজিক সম্পৃক্ততা এবং সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের আরও কাছে পৌঁছাতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা।”

এ সময় তিনি পুলিশের সেবামূলক কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, ভিকটিমের প্রতি মানবিক আচরণ, অপরাধীর প্রতি আইনসম্মত ব্যবহার এবং পেশাগত নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন। এছাড়া পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে সৌজন্যমূলক আচরণ, ধৈর্য, সহমর্মিতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি সেবামুখী, মানবিক ও আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় পিটিসির পুলিশ সুপার আবু সায়েম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার রহিমা আক্তার লাকী, সুলতানা রাজিয়া, মারুফা জামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

পুলিশ কমিশনার,রংপুর,জনআস্থাই শক্তি,সেবাই পরিচয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত