
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামে কৃষক নুরু আলমের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এক রাতে ৪টি গরু চুরি হওয়ায় গোয়ালশূন্য পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই কৃষক দীর্ঘদিন ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
বুধবার ভোর রাতে কৃষকের গোয়ালঘরে ঢুকে ৪টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘর শূন্য দেখতে পান।
চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনার পর থেকে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। তাদের আশা ছিল, কয়েক মাস পর গরুগুলো বিক্রি করে লাভের টাকা দিয়ে আবার গরু কিনবেন। কিন্তু চুরির ঘটনায় তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি আসলাম আলী আলোকিত বাংলাদেশকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।