ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কাজ ফেলে উধাও ঠিকাদার, ৪ বছরেও চালু হয়নি খাকুরিয়া ব্রিজ

কাজ ফেলে উধাও ঠিকাদার, ৪ বছরেও চালু হয়নি খাকুরিয়া ব্রিজ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়া ব্রিজের কাজ এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও চার বছরেও তা শেষ হয়নি। ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২২ সালের ২০ মার্চ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পূর্ণ কাজ শেষ না করে অজ্ঞাত কারণে নির্মাণকাজ ফেলে রেখে চলে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৪০ গ্রামের মানুষ।

জানা যায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কের দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়া ব্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে একাংশ ভেঙে যায়। ব্রিজটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দরপত্র আহ্বান করে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এসই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্ট ভেঞ্চার ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চার কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪ টাকা চুক্তিমূল্যে কার্যাদেশ পায়। ২০২২ সালের ২০ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।

অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিজে কাজ না করে স্থানীয় সাইফুল ইসলামকে সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়। তবে বিকল্প সড়ক নির্মাণের কাজ শেষ না করেই কাজ ফেলে ঠিকাদার উধাও হয়ে যায়।

এর ফলে ধলাপাড়াসহ দেওপাড়া ইউনিয়নের সরাশাক, কালিকাপুর, কোচপাড়া, পাঞ্জারচালা, শিবেরপাড়া, বাদে আমজানী, তালতলা, দেওপাড়া, কালিয়ান, গান্দী, চাম্বলতলা, রহমত খার বাইদ, রানাদহ, চৈতার বাইদ, মলাজানী, যুগিয়াটেঙ্গর, কুমারপাড়া, গানজানা, মাকড়াই, মাকড়াই ভবানী, মালেংগা, চৌরাশা, কোচক্ষিরা, কাপাসিয়া, বারইপাড়া, ভোজদত্ত, হরিণাচালা, কান্দুলিয়াপাড়া, করিমের পাড়া, কাকুরিয়া, কালু কাছড়া, খামার কাছড়া, দেলুটিয়া, ভাগলের পাড়া, ভাবনদত্ত, ঘোড়ামারা, বানীভাসাসহ প্রায় ৪০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, ২০২১ সালে ব্রিজের কাজ শুরু হলেও চার বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষ করতে পারেনি। স্থানীয় সাইফুল ইসলামকে সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি সম্পূর্ণ কাজ শেষ না করে প্রায় এক বছর আগে কাজ ফেলে চলে যান।

তারা আরও জানান, ২০২৫ সালের ৯ এপ্রিল অসমাপ্ত ব্রিজের পাশে প্রায় ৪০ গ্রামের ভুক্তভোগী মানুষ দ্রুত ব্রিজটির নির্মাণকাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেন। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয়দের দাবি, এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশ থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ওই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা চালক উজ্জ্বল, শফিক, ভ্যানচালক তাওহিদুল, রাজ্জাক, মিনিট্রাক চালক রশিদ, জহির উদ্দিন, ব্যাটারিচালিত অটোরিকশা চালক আসাদুল, সুজন ও নওশাদসহ অনেকেই জানান, খাকুরিয়া ব্রিজটি চার বছর ধরে অসমাপ্ত থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান।

এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন জানান, ঘাটাইল উপজেলার দেওপাড়া এলাকায় নির্মাণাধীন ৫২ মিটার খাকুরিয়া ব্রিজের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। শুধু রেলিং ও অ্যাপ্রোচের কাজ বাকি রয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করা হবে।

খাকুরিয়া ব্রিজ,৪ বছর,উধাও ঠিকাদার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত