
কাউখালী নৌ পুলিশের অভিযানে হুলারহাট লঞ্চঘাট-সংলগ্ন কঁচা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) দুপুরের দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীতে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এ কারণে তাকে ভালোভাবে শনাক্ত করা যায়নি। তবে ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক, নিরস্ত্র) মো. আরমান হোসেন বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়ে নৌ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে কঁচা নদীর হুলারহাট এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, মৃতদেহের মাথা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ কারণে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য নৌ পুলিশ তদন্ত শুরু করেছে।