
বৃহস্পতিবার রাত ৯টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগরের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মাহবুবুল আলম (বাবলু)।
মতবিনিময় সভায় সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগর আগামী ভাঙ্গুড়া উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গুড়া উপজেলা ও পৌরসভা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন।
এর আগে, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকরা সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগর এবং ঘোষিত উপজেলা ও পৌরসভার পদপ্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে এমপি মুহাম্মদ আলী আছগর বলেন, যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই দল এসব প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, স্থানীয় সরকার নির্বাচন ও জনসম্পৃক্ত রাজনীতির বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
ঘোষিত প্রার্থীরা হলেন— উপজেলা চেয়ারম্যান পদে অধ্যাপক আহমেদ হালিম মাজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে সহকারী অধ্যাপক আবুল হাশেম এবং ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে হাফিজ উদ্দিন বাহার।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘোষিত প্রার্থীদের নাম নিয়ে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে বলে উপস্থিত অনেকে মন্তব্য করেন।
সভায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।