ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে প্রবাসী হত্যা: ৪ যুবকের বিরুদ্ধে মামলা, আটক ১

চাঁদপুরে প্রবাসী হত্যা: ৪ যুবকের বিরুদ্ধে মামলা, আটক ১

চাঁদপুর সদর উপজেলার মান্দারী গ্রামে মাদকবিরোধী অভিযানের নামে একটি বাড়ির সামনে গিয়ে এক প্রবাসীকে ইট-পাটকেল নিক্ষেপ করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় নিহতের স্বজন মো. স্বপন পাটোয়ারী এ মামলাটি দায়ের করেন।

নিহত প্রবাসী শাহজাহান পাটোয়ারী (৪৫) চাঁদপুর জেলা সদরের শাহ মোহাম্মদপুর ইউনিয়নের মান্দারী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মকবুল হোসেন পাটোয়ারীর ছেলে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।

নিহতের স্বজন ও মামলার বাদী মো. স্বপন পাটোয়ারীর করা এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযানের কথা বলে শাহজাহান পাটোয়ারীর বাড়ির সামনে যান। তারা সেখানে কেন এসেছেন, শাহজাহান তা জানতে চাইলে যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযুক্ত চারজন হলেন— লোধেরগাঁও গ্রামের মৃত আলফু গাজীর ছেলে মো. শাকিল গাজী (২৭), মৃত শফিক গাজীর ছেলে মো. সাজিদ গাজী (২৩), মান্দারী গ্রামের আব্দুর রাজ্জাক মিজির ছেলে আল আমিন মিজি (২১) ও মো. আরাফাত মিজি (১৯)।

মামলার এজাহারে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এলাকায় প্রবেশ, হামলা এবং হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সময় কার কী ভূমিকা ছিল এবং মাদকবিরোধী অভিযানের নামে ওই যুবকেরা কেন সেখানে গিয়েছিলেন, এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর এজাহার রেকর্ড করে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছিল। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ১,মামলা,৪ যুবক,প্রবাসী হত্যা,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত