
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ঘাটে ঘুরতে যাওয়া এক পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক পদ্মা নদীর ঘাটে স্থানীয় পর্যটক নাঈম মোল্লা ঘুরতে যান। এ সময় ৬-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়।
উক্ত ঘটনার পর নাঈম মোল্লা থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে, থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটককৃতরা হলেন—আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২), একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে মো. সাগর (২১), দড়িকান্দি গ্রামের শরীফ শিকদারের ছেলে অভি শিকদার (২৩) এবং দিয়াপাড় গ্রামের সাইম হোসেন (২৪)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় মামলা করা হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।