ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

দিনাজপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

“আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত”—এই স্লোগানকে সামনে রেখে বুধবার উপজেলা প্রশাসন সদর, দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

তিনি তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া একটি সামাজিক ব্যাধি। যা সার্বিক উন্নয়নের অন্তরায়। এ ব্যাধি নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনসহ জিও-এনজিও ও সুশীল সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা আজ বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান করছি। এর মানে এই নয় যে, উপজেলা মুক্ত হয়ে গেছে। মুক্ত করার জন্য আমরা কাজ করে যাওয়ার অঙ্গীকার বা শপথ নিয়েছি মাত্র।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএমপির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টার, ফিল্ড অপারেশনসের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও।

স্বাগত বক্তব্য রাখেন এরিয়া কো-অর্ডিনেশন অফিস দিনাজপুর এডিপির সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্দান ক্লাস্টারের অ্যাডভোকেসি ও চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মো. তানজিমুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউট দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও উথরাইল ইউপি চেয়ারম্যান রুহুল আমিনসহ সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি মেম্বার, ধর্মীয় নেতৃবৃন্দ, বেসরকারি প্রতিনিধি, শিশু ফোরাম, যুব ফোরাম, ভিডিসি, সিবিও, অভিভাবক, শিক্ষক, বিবাহ নিবন্ধনকারী, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ফোরামের সভাপতি মো. নাঈম বাদশা।

উপজেলা,শিশুশ্রম,বাল্যবিবাহ,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত