
সিরাজগঞ্জে মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
তারা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় দেন। ওই আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ৪ অক্টোবর র্যাব-১২-এর সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে চেকপোস্ট স্থাপন করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটিকে আটক করে তল্লাশি চালায় এবং ২৫০ গ্রাম হেরোইনসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।