ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে: খাদ্যমন্ত্রী

বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে: খাদ্যমন্ত্রী

বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, এই ষড়যন্ত্র মোকাবিলায় দলের অভ্যন্তরীণ গ্রুপিং ভুলে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ শহরের স্থানীয় শহীদ বেদী প্রাঙ্গণে আয়োজিত শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে।

তিনি গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তারেক রহমানের ঐতিহাসিক সংগ্রামের কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এ অর্জন ধরে রাখতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন্নাহার মুন্নি, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান এবং মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশীদ খানসহ অনেকে।

এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতী দল, জিয়া পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এদিকে, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেন।

সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে সিংগাইর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত।

এ ছাড়া শিবালয়, ঘিওর, দৌলতপুর, হরিরামপুর ও সাটুরিয়াতেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।

খাদ্যমন্ত্রী,ষড়যন্ত্র,বিএনপির বিরুদ্ধে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত