
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে মুজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত মুজিবুর রহমান সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকার ময়নাল হকের ছেলে।
জানা যায়, তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় বিধি লঙ্ঘন করে তিন ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলন করছিলেন মুজিবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাটুরিয়া উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মুজিবুর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।