
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জামাল উদ্দীন খান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রায়হানুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নিরক্ষরতা দূর করার পাশাপাশি সবার জন্য মানসম্মত ও জীবনমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সে জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু অক্ষরজ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়; সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষকে দক্ষ করে তুলতে হবে। সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি অর্জিত জ্ঞানকে কর্মজীবন ও দৈনন্দিন জীবনে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করতে হবে।