
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘জ্ঞানের উৎস পাঠাগার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার বিকেল ৪টায় ‘জ্ঞানের উৎস পাঠাগার’ ও ‘তেলিপাড়া একাদশ’-এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার এ খেলায় ৩-০ গোলের ব্যবধানে জয় পায় জ্ঞানের উৎস পাঠাগার। বিপরীতে তেলিপাড়া একাদশ কোনো গোল করতে পারেনি।
খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে টুর্নামেন্টের উদ্বোধক আল ইমরান সম্রাট গণি বক্তব্যের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করেন।
খেলা উপভোগ করতে পাথারিয়া গ্রামের মাঠে বিভিন্ন বয়সী দর্শকের ভিড় জমে। পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল দুর্গাপুর পৌর কমিটির সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান খান, চন্ডিগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম খোকন সরকার এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন রহমান আকাশসহ অনেকে।
ম্যাচজুড়ে উভয় দলের খেলোয়াড়রা দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে জ্ঞানের উৎস পাঠাগার দল। খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ ও ক্রীড়াসুলভ আচরণও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সঙ্গে সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।