
টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সল্লা কামাক্ষামোড় ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে কামাক্ষামোড় ঘাটে মো. নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং মো. হাবিবুর রহমানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মন্ডলবাড়ী ঘাটে মো. ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে মো. আসাদ (৩৮)-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের কাছ থেকে সর্বমোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি এক্সকেভেটর (ভেকু) বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন বা বালুমহালের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।