ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুরের ব্যবসায়ী হত্যা মামলায় ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ১

ফরিদপুরের ব্যবসায়ী হত্যা মামলায় ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ১

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী ইব্রাহীম হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মো. মাসুদুর রহমান মাসুদকে (৪০) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল এসআরবি-৬-এর সহযোগিতায় এ অভিযান চালায়। গ্রেপ্তার মাসুদ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রুস্তম আলী।

এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২০ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ইব্রাহীম (৩৫) ও তার চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন (২৬) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার একটি জ্বালানি তেলের পাম্পের পাশে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন।

খাওয়া শেষে বের হওয়ার সময় দুটি প্রাইভেট কারে আসা সাত থেকে আটজন ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে তাদের জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

পরে অপহরণকারীরা তাদের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে পিকআপচালক হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অপহরণকারীরা ইব্রাহীমকে মারধরের পর হত্যা করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনচাকী-রামচন্দ্রপুর সেতু এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের ভাই মো. ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ১,ঝিনাইদহ,ব্যবসায়ী হত্যা মামলা,ফরিদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত