
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সকালে জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার আমির শিক্ষাবিদ খন্দকার ইসহাক, চিকিৎসক ডা. বোরহান উদ্দিন, ওয়ার্ড আমির মাস্টার সাইফুল্লাহসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।