ঢাকা রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য

রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য

রংপুর রেঞ্জের অধস্তন পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরেজমিনে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) অনুষ্ঠিত এ পরীক্ষায় রেঞ্জের ১৩টি ইউনিটের ৪৫৯ জন পুলিশ সদস্য অংশ নেন।

পরীক্ষায় নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র), কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া ১৩টি ইউনিটের মধ্যে রয়েছে রংপুর রেঞ্জের আট জেলা রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। এ ছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ সৈয়দপুর, রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) রংপুর, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) রংপুর এবং রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সদস্যরা পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার পরিবেশ, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরীক্ষা গ্রহণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যোগ্যতা ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বিদ্যমান ব্যবস্থাপনা পর্যবেক্ষণ ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সুদৃঢ় করার ক্ষেত্রে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্ব দিচ্ছে রংপুর রেঞ্জ পুলিশ।

পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত