ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক ও ড্রেন নির্মাণে বদলে যাচ্ছে দিনাজপুর পৌরসভা

সড়ক ও ড্রেন নির্মাণে বদলে যাচ্ছে দিনাজপুর পৌরসভা

দীর্ঘদিন ধরে অবহেলিত দিনাজপুর পৌরসভায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক নির্মাণকাজ এগিয়ে চলছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণসহ নানা উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

একসময় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে দিনাজপুর পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে রাস্তাঘাটে হাঁটুপানি সৃষ্টি হতো। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন সড়কে চলাচল ব্যাহত হতো।

দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান এক সাক্ষাৎকারে জানান, আরইউটিডিপির আওতায় প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে সড়ক ও ড্রেন নির্মাণকাজ চলছে।

তিনি বলেন, মডার্ন মোড় থেকে সাধুর মোড়, রাজবাড়ি থেকে বড়বন্দর, কোতোয়ালি থানা হয়ে ক্ষেত্রীপাড়া, রামনগর হয়ে নিউটাউন, রেলঘুনটি এবং মহারাজার মোড় থেকে গাবুড়া পর্যন্ত ড্রেন নির্মাণসহ বিভিন্ন সড়কের নির্মাণকাজ এগিয়ে চলছে। অল্প কয়েক দিনের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পৌরপ্রশাসক শেখ হাফিজুর রহমান এক সাক্ষাৎকারে জানান, দিনাজপুর পৌরবাসীকে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা দিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পৌর এলাকায় বিভিন্ন ধরনের নির্মাণকাজ চলমান রয়েছে। এর মধ্যে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ অন্যতম।

তিনি আরও জানান, প্রথম শ্রেণির এই পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পৌর এলাকার সড়ক নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে দিনাজপুর পৌরসভাকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

দিনাজপুর পৌরসভা,বদলে যাচ্ছে,সড়ক ও ড্রেন নির্মাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত