ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশে ধানক্ষেত থেকে দুলুর মরদেহ উদ্ধার

দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশে ধানক্ষেত থেকে দুলুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ তার দ্বিতীয় স্ত্রী (তালাকপ্রাপ্ত) জরিনা বেগমের বাড়ির পাশের ধানক্ষেতের কাছে পড়ে থাকতে দেখা গেছে। বুধবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুলু মিয়া ওই এলাকার মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী জরিনা বেগম নামের এক নারীকে বিয়ে করেন। কিছুদিন পর তাদের বিচ্ছেদ হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। বারবার নিষেধ করেও তাকে ফেরানো যায়নি বলে জানান আসমা বেগম।

তিনি অভিযোগ করে বলেন, ‘ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে।’

অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

স্থানীয়রা জানান, দুলু মিয়ার মরদেহ দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধার,দুলু,ধানক্ষেত থেকে,দ্বিতীয় স্ত্রীর বাড়ি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত