ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, বন্ধ সিজারিয়ান

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, বন্ধ সিজারিয়ান

চিকিৎসক সংকট, প্রায় এক বছর ধরে সিজারিয়ান কার্যক্রম বন্ধ, বিদ্যুৎ বিভ্রাট এবং ডেঙ্গু পরীক্ষার কিট ও আইভি স্যালাইনের ঘাটতিসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। এসব সংকট নিরসন ও সেবার মান উন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের সভাকক্ষে কমিটির সভাপতি ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ পূরণ, অ্যানেসথেসিয়া চিকিৎসকের সংকট দূর করে সিজারিয়ান কার্যক্রম চালু এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটর, সৌরবিদ্যুৎ বা আইপিএসের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া ইসিজি টেকনিশিয়ান নিয়োগ, ডেঙ্গু পরীক্ষার কিট ও আইভি স্যালাইনের সংকট দূর করা, ওয়ার্ডে পর্যাপ্ত সিলিং ফ্যান স্থাপন এবং শৌচাগার পরিচ্ছন্ন রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

হাসপাতালের সামনে ওষুধের অতিরিক্ত দাম, বিক্রেতাদের সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম্য বন্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি রোগীদের খাবারের মান নিশ্চিত করা, চিকিৎসক-কর্মচারীদের বিশ্রামাগার নির্মাণ এবং আশপাশের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম তদারকির বিষয়েও আলোচনা হয়।

সভায় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। বিদ্যমান সংকট চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল, আবাসিক চিকিৎসক ডা. কাবেরী শাহ এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

বন্ধ সিজারিয়ান,চিকিৎসক সংকট,স্বাস্থ্য কমপ্লেক্স,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত