ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে বিএসটিআইয়ের উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

রংপুরে বিএসটিআইয়ের উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুরের উদ্যোগে ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে রংপুরের আরডিআরএসের বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মাহবুবুর রশীদ, পিপিএম; রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি এম আশরাফ উল্যাহ তাহের এবং রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) সুশান্ত চন্দ্র রায়।

অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পার্থ বোস এবং রংপুর জেলা ক্যাবের সভাপতি মো. আব্দুর রহমান নাগরিকের অধিকার ও সচেতনতা বিষয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম।

বিশ্ব মান দিবস পালনের তাৎপর্য এবং আন্তর্জাতিক মান সংস্থাগুলোর সঙ্গে তাল মিলিয়ে পণ্য ও সেবার মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের ভূমিকা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রধান ও উপপরিচালক মো. আব্দুল হান্নান।

প্রধান অতিথি পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তিনি খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশনা দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের সততা ও দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানান।

পুলিশ কমিশনার কৃষি, স্বাস্থ্য, ইমারত, পণ্য ও সেবাসহ সব ক্ষেত্রে মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি ও অন্যান্য বিশেষ অতিথি পণ্য ও সেবার মান রক্ষায় ভোক্তাদের অধিকার ও করণীয় তুলে ধরেন। তারা মান বজায় রাখতে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকারকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্ব মান দিবস,বিএসটিআইয়ের উদ্যোগ,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত