
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধ বৈদ্যুতিক শক (ইলেকট্রিক ফিশিং) যন্ত্র ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাছ শিকারে ব্যবহৃত ইলেকট্রিক ফিশিং সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেড়া পাঁচকড়িয়া গ্রামের ফরিদ শেখের ছেলে চান মিয়া (৩১) এবং মজিবর রহমানের ছেলে শাকিল (২৩)।
সিরাজগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, দীর্ঘদিন ধরে তারা যমুনা নদীতে অবৈধ বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করে আসছিলেন। এ ধরনের কার্যক্রম মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) ভোরে কাজিপুর উপজেলার গোদারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ ধরনের অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।