
শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার মধ্যে সীমাবদ্ধ না রেখে, ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নতুন এই শিক্ষা ভবনটি নির্মাণ করা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে এমপি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তিনটি পক্ষের ভূমিকা অপরিসীম। এগুলো হলো বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা নিজেরা। তোমরা রাজনৈতিক সচেতন হয়ে পড়াশোনা করবে। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমাদের মধ্যে অনেকেই বিগত ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলে।
মাদক ও পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা জানি, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা মাদকাসক্ত হয় না। তাই তোমাদের উচিত ভাই, পরিবার ও আত্মীয়স্বজনদের মাদকের বিষয়ে সচেতন করা। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গাছ লাগাতে হবে। আমরা আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাব। এর অংশ হিসেবে তোমাদেরও এই উদ্যোগে শামিল হতে হবে।
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এবং ১৯৬৭ সালের প্রাক্তন শিক্ষার্থী নাসিমা হকসহ অন্যরা।
ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।