
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা চাঁদপুর পৌর এলাকার ২ হাজার ৪৭৬ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (নূর আজম শরীফ), চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুমে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে জেলেদের এ খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে জীবিকা নির্বাহে কিছুটা সহায়তা পান এবং ইলিশ আহরণ থেকে বিরত থাকতে উৎসাহিত হন, সে লক্ষ্যেই ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।