
রাজবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজমুল হাসান প্রিন্স (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটসংলগ্ন ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নাজমুল হাসান প্রিন্স সদর উপজেলার ভান্ডারিয়া এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খানখানাপুর রেলগেটসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো-ব-১৪-৫৮২৩ নম্বরের গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের ডি-২ আসনে বসে থাকা নাজমুল হাসান প্রিন্সের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তার কাঁধে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে ৪৬টি নীল রঙের জিপার ব্যাগে রাখা মোট ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে ইনফিনিক্স ব্র্যান্ডের একটি স্মার্টফোন জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৮৮৯ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে ইয়াবা কিনে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিলেন গ্রেপ্তার ব্যক্তি।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।