ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি, সভাপতি রণি সম্পাদক লিমা

প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি, সভাপতি রণি সম্পাদক লিমা

‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’ স্লোগানে ২০২৫ সালে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে যুবসমাজকে বইমুখী করতে নানা ধরনের পদক্ষেপ নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে পাঠাগারটি। শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ উপহার, সাহিত্য আড্ডা, কবি-সাহিত্যিকদের স্মরণ, পুরস্কার প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি ‘লোরাম’ নামে শিল্প-সাহিত্যের একটি কাগজও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের চাঁদ টাওয়ারে পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে মেয়াদ পূর্ণ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। পাঠাগার পরিচালনার জন্য উপদেষ্টা পরিষদসহ ১৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে কবি রফিকুজ্জামান রণিকে সভাপতি, কবি আইরিন সুলতানা লিমাকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান স্বপনকে পুনরায় প্রধান পরিচালক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি কামরুন্নাহার বিউটি, ফেরারী প্রিন্স ও জয়ন্তী ভৌমিক। পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন বেলাল শেখ, রাসেল ইব্রাহীম, ফরহাদ হোসেন, ফারুক হোসেন, আলম বেপারী ও নাজমুল ইসলাম সজীব।

উপদেষ্টা পরিষদে রয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, মির্জা জাকির, মুহাম্মদ মাসুদ আলম, মাহমুদা খানম, আয়েশা আক্তার রুপা, দিলীপ ঘোষ ও দুখাই মুহাম্মাদ।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, প্যাপিরাস হচ্ছে বইয়ের আদি নিদর্শন বা বইয়ের প্রাথমিক রূপ। প্রাচীনকালে লেখার উপযোগী মাধ্যমকে প্যাপিরাস বলা হতো। এটি কাগজের অনুরূপ একটি উপাদান, যা হাজার হাজার বছর আগে লেখার পৃষ্ঠা হিসেবে ব্যবহৃত হতো। সাইপেরাস প্রজাতির এক ধরনের জলজ উদ্ভিদের ভেতরের অংশ থেকে প্যাপিরাস তৈরি করা হতো।

তিনি আরও বলেন, প্রাচীন মিশরীয় সভ্যতায় নীল নদের তীরে নলখাগড়াজাতীয় এক ধরনের গাছ পাওয়া যেত। সেই গাছের খোল পাথর দিয়ে চাপা দিয়ে ও রোদে শুকিয়ে লেখার উপযোগী করা হতো। বইয়ের প্রাচীন নিদর্শনের প্রতি সম্মান জানিয়ে পাঠাগারটির নাম রাখা হয়েছে প্যাপিরাস।

সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমা জানান, খ্রিষ্টপূর্ব ১৫০০ সালের দিকে নীল নদের তীরে উৎপন্ন নলখাগড়াজাতীয় প্যাপিরাস গাছের বাকল মিসরীয়রা লেখার উপকরণ হিসেবে ব্যবহার করতে শুরু করে। ধীরে ধীরে তারা প্যাপিরাসে ছবিও আঁকতে শুরু করে। পরবর্তী সময়ে প্যাপিরাস শব্দ থেকেই ‘পেপার’ শব্দের উৎপত্তি ঘটে। ঐতিহাসিক সেই নিদর্শনকে স্মরণীয় করে রাখতে পাঠাগারটির নাম রাখা হয়েছে প্যাপিরাস।

লিমা আরও বলেন, পাঠাগারে এসে বই, পত্রিকা ও ম্যাগাজিন পড়ে সমাজের একজন মানুষও যদি আলোকিত হন, তবেই তাদের পরিশ্রম সার্থক হবে।

সম্পাদক লিমা,সভাপতি রণি,নতুন কমিটি,প্যাপিরাস পাঠাগার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত