
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে চুয়াডাঙ্গা সদর উপজেলার মুন্নার মোড় এলাকায় লাটাহাম্বার উল্টে হেলাল উদ্দিন (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি গরুও মারা গেছে। আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মুন্নার মোড় বিএডিসি গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা আলমডাঙ্গা পশুহাটগামী গরুবোঝাই একটি দ্রুতগতির লাটাহাম্বার চুয়াডাঙ্গা সদর উপজেলার মুন্নার মোড় বিএডিসি গুদামের সামনে পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লাটাহাম্বারটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল উদ্দিন ও দুটি গরু মারা যায়। এ সময় লাটাহাম্বারে থাকা আরও দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ নিহতের কাছ থেকে নগদ ৮৩ হাজার ৩৪৫ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।