
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বেচ্ছাসেবক দলের কর্মী অপু ভূঁইয়াকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অপু ভূঁইয়ার পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। তারা অপু ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা দাবি করে এর প্রতিকার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে চর ফরিদপুর গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে চর ফরিদপুর গ্রামের বাসিন্দা, ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন অপু ভূঁইয়ার বোন আফরোজা আক্তার, ভাগিনা মো. সোহেল শেখ, প্রতিবেশী মর্জিনা বেগম, মো. লিটন শেখ, রোজা আক্তারসহ অন্যরা।
মানববন্ধনে আফরোজা আক্তার অভিযোগ করে বলেন, তার ভাই শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে তার ভাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী সমাবেশ করেন।
আফরোজা আক্তারের অভিযোগ, তার ভাইয়ের এসব কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি স্থানীয় কিছু মানুষকে নিয়ে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মানববন্ধন করেন এবং মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন। অথচ এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয়রা এক মাদক ব্যবসায়ীকে আটক করার পর প্রতিপক্ষের ওই ব্যক্তিরা তাকে মারধর করে অপু ভূঁইয়ার বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় করেন। তবে পরে ওই ব্যক্তি পুলিশের কাছে তা অস্বীকার করেছেন বলে দাবি করেন আফরোজা আক্তার। তার ভাষ্য, অপু মাদক বিক্রির সঙ্গে জড়িত নন, এমনকি মাদক সেবনও করেন না।
আফরোজা আক্তার আরও বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলার পর থেকে প্রতিপক্ষের লোকজন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করছেন। এমনকি তাদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অপু ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তাদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে কাউকে হয়রানি করা হয়ে থাকলে তা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
তারা অপু ভূঁইয়া ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত, বাড়িতে হামলার অভিযোগ খতিয়ে দেখা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অপু ভূঁইয়া চর ফরিদপুর গ্রামের মো. কালাম ভূঁইয়ার ছেলে।