ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হরিরামপুরে মা ইলিশ শিকার, ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড

হরিরামপুরে মা ইলিশ শিকার, ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চার জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরিরামপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

এ সময় ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে আটক করা হয়। তারা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মজলিসপুর গ্রামের ইউসুফ মিস্ত্রির ছেলে মো. আলী মিস্ত্রি (২৬), একই গ্রামের ফজলুল হকের ছেলে মো. আমির হোসেন (২২), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে গফফার হোসেন (৪০) এবং একই গ্রামের লুৎফর হোসেন (৩৫)।

আটক চার জেলেকে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, ইলিশ মাছ এবং প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরামসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

৭ দিনের কারাদণ্ড,৪ জেলে,মা ইলিশ শিকার,হরিরামপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত