ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। আঞ্চলিক নিরাপত্তা ও সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে যৌথ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন আসিম মুনির। তেহরান সফরের সময় তিনি এ প্রস্তাব দেন।

আলী বাঘেরি এর আগে বলেছিলেন, সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের অর্জিত জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স দুটি অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মক্কা চুক্তির সদস্য পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা সোমবার তেহরানে আঞ্চলিক সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে সৌদি আরব। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চার দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠককে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে অক্টোবরের শুরুর দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে মক্কা চুক্তির সদস্য তিন দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারা সৌদি আরবে সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছিলেন।

ইরান,বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত